পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হলেও বেসরকারি প্রতিষ্ঠান ও পোশাক শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ ছুটি শেষে কর্মস্থলে ফেরায় ঢাকামুখী যানবাহনে চাপ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর উপর দিয়ে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
আজ শনিবার দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৫ লাখ ৫৮ হাজার আট শ’ টাকা।
অপরদিকে ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় এক কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদের ছুটি শেষ হওয়ার পরেও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। সেতুর দুই পাশ দিয়ে নয়টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দু’টি বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
সূত্র : বাসস



