চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলার হরিহরনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় মাটিতে পুঁতে রাখা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছেন ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (৩ জুন) সকালে এ তথ্য জানানো হয়।
ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ব্যাটালিয়নের আওতাধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার রাত ৯টার পর বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৬৩-এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের আব্দুল গনির বাঁশ বাগানের ভেতর মাটিতে পুঁতে রাখা স্কচ টেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি সাত দশমিক ৬৫ এম.এম ইতালির তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও কেএফ সাত দশমিক ৬৫ ইংরেজি অক্ষরে খোদাই করা তিন রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকরা অস্ত্র ও গুলি ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে আলামতগুলো বিজিবির হেফাজতে নেয়া হয় এবং জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে উদ্ধার অস্ত্র থানায় হস্তান্তর করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন গুলি ও ম্যাগাজিনসহ একটি পিস্তল থানায় জমা দিয়েছেন।



