সিলেটের জৈন্তাপুরের নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ফয়েজ আহমদ (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উমনপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়েজ আহমদ কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে।
তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, জাফলংগামী মিনি পিকআপটি উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদসহ অজ্ঞাতপরিচয় চালক ও আরো দুই-তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


