হাম উপসর্গে শিশুর মৃত্যু

সিলেটে এক দিনে রেকর্ড ৮৮ জনের হাম শনাক্ত

১ জানুয়ারি থেকে ৫ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স ও বাকি ৬৩ জন শিশু। ৬৪ জনের মধ্যে চার জনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা |নয়া দিগন্ত

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজুর রহমান মাহদি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় সর্বোচ্চ ৮৮ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ জন।

শুক্রবার (৫ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ৫ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স ও বাকি ৬৩ জন শিশু। ৬৪ জনের মধ্যে চার জনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

এদিকে বিভাগে এখন পর্যন্ত ২৫৩ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪০ জন সুনামগঞ্জ জেলার, ৭৬ জন সিলেটের, ২১ জন হবিগঞ্জের ও ১৬ জন মৌলভীবাজারের।

এছাড়া বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৭৩ জন রোগী। এর মধ্যে সর্বোচ্চ ১০৪ জন ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৩ জন, উইমেন্স মেডিক্যাল হাসপাতালে একজন, রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ছয়জন, আল হারামাইন হাসপাতালে একজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন শিশু ভর্তি রয়েছে।