চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের উদ্যোগে অপারেশন থিয়েটারটি পুনরায় চালু হয়।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটারের কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দীন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপারেশন থিয়েটার পুনরায় চালু হওয়ার ফলে আলমডাঙ্গা ও আশপাশের এলাকার মানুষ সহজে এবং দ্রুত জরুরি অস্ত্রোপচারের সুযোগ পাবেন। এতে রোগীদের জেলা সদর বা দূরবর্তী হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা অনেকাংশে কমবে। একই সাথে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দারা অপারেশন থিয়েটার পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এর মাধ্যমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে। সাধারণ মানুষ অধিকতর সুফল ভোগ করবেন।



