সিলেটে হামে ১ দিন বিরতির পর ফের শিশুর মৃত্যু

একদিন মৃত্যুহীন থাকার পর ফের হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হামে আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন এক শিশু
হামে আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন এক শিশু |ফাইল ছবি

সিলেটে একদিন মৃত্যুহীন থাকার পর ফের হামের উপসর্গ নিয়ে রহিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরো ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

মৃত রহিম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাসিন্দা ছিল। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

একই সময়ে নতুন করে ১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে চলতি বছরে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৪৪ জন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৪৬ জনের মধ্যে ৮৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, দু’জন পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে, চারজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ও ১০ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫৭ জন সন্দেহজনক হাম রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৬ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬৫ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে সাতজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১ জন, মাউন্ট এডোরাতে দুইজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, জকিগঞ্জে একজন, কোম্পানীগঞ্জে দুইজন, বিয়ানীবাজারে চারজন, গোলাপগঞ্জে ১২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৬৯, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৬৪ জন রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ায় হাম ও উপসর্গে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৪৯ জন সন্দেহজনক হাম রোগে ও ১০ জন নিশ্চিত হাম রোগে মারা গেছে।

স্বাস্থ্য বিভাগের মৃত্যুর তথ্যে দেখা যায়, সিলেটে সন্দেহজনক হাম রোগে ৬০ ও নিশ্চিত হাম রোগে চারজনসহ মোট ৬৪ জন, হবিগঞ্জে ১৮ ও চারজনসহ ২২ জন, মৌলভীবাজারে ১৬ ও একজনসহ ১৭ জন এবং সুনামগঞ্জে ৫৫ ও একজনসহ ৫৬ জনের মৃত্যু হয়েছে।

একদিন মৃত্যুহীন থাকার পর ফের মৃত্যু ও নতুন করে ১৩ জনের নিশ্চিত হাম শনাক্তের ঘটনায় সিলেটে হামের প্রকোপের উদ্বেগ আবারো বাড়ল। পাশাপাশি একদিনে ১৪৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপরও চাপ অব্যাহত রয়েছে।