সিলেটে হামের উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
স্বাস্থ্য অধিদফতর, সিলেট
স্বাস্থ্য অধিদফতর, সিলেট |সংগৃহীত

সিলেটে হামের মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে।

নতুন ভর্তি হওয়া ৯৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৭, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয় এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন রয়েছেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৩১ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬০, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৫, রাজীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, নর্থ ইস্ট হাসপাতালে আট, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৯৪ জন। এর মধ্যে সিলেটে ৩২৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। আক্রান্তের দিক থেকে সুনামগঞ্জে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১ মাস ২৮ দিন বয়সী শিশু শিপুলের মৃত্যু হয়েছে। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, চলতি বছরে হাম ও উপসর্গে মারা যাওয়া ১৪১ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩১ জন।

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেটে ৫৫, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক থেকেও সুনামগঞ্জে সংখ্যা সবচেয়ে বেশি।