কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ জন ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক দেয়া হয়।
এর আগে, শুক্রবার (৫ জুন) সকালে অগ্নিকাণ্ডে ভূরুঙ্গামারী বাজারের প্রায় ১০০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফরমান আলী, সাদ্দাম আলী ও ইব্রাহীম বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা ও পাঁচ হাজার টাকার চেক দিয়েছে।
কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘আগুনে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতির বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছে, সে কারণেই আপনাদের এখানে এসেছি।’
অর্থ সহায়তার চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা পরিষদ প্রশাসক অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।



