ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে মো: ফারুক মাতুব্বর (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফারুক মাতুব্বর গোয়ালপোতা গ্রামের মজনু মাতুব্বরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ফারুক নিজ কক্ষে ঘুমাতে যান। শুক্রবার সকাল ১০টার দিকে তার বাবা খাবারের জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজার ওপর দিয়ে তাকিয়ে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এরপর বিষয়টি নগরকান্দা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে নগরকান্দা থানার এসআই (নিরস্ত্র) নাজমুল এবং ওসি (তদন্ত) মো: আব্দুল রাজ্জাক উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লাশ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



