রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন কেশরহাট ইসলামী ব্যাংকে কর্মরত কর্মকর্তা মো: মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাড়ইল মিলঘর এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মো: মারুফ হোসেন (৩৭)।
এদিকে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তবে বিকেল পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিহত মারুফ হোসেনের লাশ উদ্ধার করে মোহনপুর থানায় নেয়া হয়েছে।
মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী জানান, দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



