দিল্লির আবাসিক হোটেলের অগ্নিকাণ্ডে কুমিল্লার যুবক নিহত

ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুমিল্লার চৌদ্দগ্রামের এক যুবক নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
দিল্লির হোটেলের অগ্নিকাণ্ডে নিহত নূরুল আমিন সোহাগ (৪০)
দিল্লির হোটেলের অগ্নিকাণ্ডে নিহত নূরুল আমিন সোহাগ (৪০) |নয়া দিগন্ত

ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুমিল্লার চৌদ্দগ্রামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকালে হাউস রানী এলাকার পাঁচতলা বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরুল আমিন সোহাগ (৪০) উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

শুক্রবার (৫ জুন) সকালে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার স্বজন হুমায়ুন কবির পাটোয়ারী জানান, ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে নয়াদিল্লি গিয়েছিলেন সোহাগ।

বুধবার সকালে মালবীয় নগরের ওই আবাসিক হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হলে তিনি গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে মারা যান।

এ ঘটনায় সোহাগের ছোট বোন ও ভগ্নিপতিও অগ্নিদগ্ধ হয়েছেন। তারা বর্তমানে ম্যাক্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সোহাগের মৃত্যুর খবরে নিজ গ্রাম সাঙ্গীশ্বরে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, নিহতের স্বজনদের সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। লাশ দেশে আনা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

এছাড়া পরিবারের পাশে থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।