গোপালগঞ্জের মুকসুদপুরে কিশোর রিয়ান মোল্লার (১৩) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের খোন্দকার বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত রিয়ানের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ ব্যানার, ফেস্টুন বহন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬) পরিকল্পিতভাবে প্রতিবেশী রিপন মোল্লার ছেলে রিয়ান মোল্লাকে হত্যা করে লাশ পরিত্যক্ত পুকুরে ফেলে রাখে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, রোববার (১৯ জুলাই) রিয়ান মোল্লাকে তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিন বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে লাশ কমলাপুর গ্রামের জনৈক আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুরে ফেলে রাখে।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত ৩টার দিকে ওই পরিত্যক্ত পুকুরে খোঁজ করে রিয়ানের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।



