মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে রংপুর মহানগর বিএনপি। মিছিল থেকে তাদের দুইজনের হাত ধরে রংপুর বিভাগের উন্নয়নবৈষম্য দূর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের নেতারা।
শনিবার (২২ আগস্ট) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো গ্রান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়।
মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম আহ্বায়ক সুলতানুল আলম বুলবুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং আগামী দিনের কাণ্ডরী রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় আমি রংপুর মহানগর বিএনপি ও রংপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, সারা বাংলাদেশের ন্যায় আমাদের এ রংপুরেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মাঝে যে বাঁধভাঙা যে খুশি আমেজ সৃষ্টি হয়েছে, এটি ব্যতিক্রম রংপুরও নয়।’
ডন বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের এ দুইজন প্রিয় অভিভাবকের নেতৃত্বে আগামীতে আমাদের রংপুরের যেই নাগরিক সমস্যাগুলো আছে বা নাগরিকদের যেই প্রাপ্য হকগুলো আছে, সে সবগুলো আমরা আদায় করতে সমর্থ হব। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেইভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, আমরা আশা করছি, আমাদের এ প্রিয় দুইজন নেতার মাধ্যমে আমাদের রংপুর অঞ্চলেও ঠিক একইভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হবে। আমাদের এ অঞ্চলে কর্মসংস্থান নেই, আমাদের তৃণমূলের মানুষের যেই বেকারত্বের সমস্যাগুলো আছে, এ সমস্যাগুলো সমাধান করতেও আমাদের অনেক বেশি সহজ হবে বলে আমি বিশ্বাস করি।’
সমাবেশে মহানগর আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, ‘আমরা মনে করি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম দুজনেই পরামর্শ করে আমাদের এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা আছে, এ সমস্যাগুলো সমাধান করার জন্য উনারা বাস্তব পদক্ষেপ নিবেন। ইনশাআল্লাহ উনাদের এ পদক্ষেপের ফলে আমাদের এ রংপুর অঞ্চলের মানুষের সব সমস্যার সমাধান হবে, এটা আমরা প্রত্যাশা করছি। এবং সেই জন্য রংপুর অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা এবং সবাই মনে করেছে যে আল্লাহর রহমতে আমাদের পার্টির চেয়ারম্যান দুইজন ভালো ব্যক্তিকে এ দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।’
সামু বলেন, ‘আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এবং একই সাথে পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সবকিছু বিচার বিশ্লেষণ করে এ দায়িত্বগুলো দিয়েছেন, তাকেও আমরা রংপুর মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, জানাচ্ছি।’
তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী আহমেদ রংপুর বিভাগের সম্পদ। তারা বাংলাদেশের এখন শীর্ষ দায়িত্বে নিযুক্ত হয়েছেন। তাদের হাত ধরে উন্নয়ন বঞ্চনা থেকে রক্ষা পাবে রংপুর বিভাগ, এটাই আমাদের প্রত্যাশা।’



