নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলে মোস্তফা ভূইয়ার (২২) হাতে খুন হয়েছেন আব্দুর রহিম ভূইয়া (৫৫) নামে এক বাবা।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
রহিম ভূইয়া পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পুলিশ জানায়, কোনাবাড়ি গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম বেলা ১১টার দিকে নিজ ঘরে ভাত খেতে বসেন। এ সময় তার মাদকাসক্ত ছেলে অভিযুক্ত মোস্তফা বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা শীলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। তিনি মাস ছয়েক আগে দেলদুয়ার উপজেলার লাউহাটী এলাকায় বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীকে প্রায়শই শারীরিকভাবে নির্যাতন করতেন।
নিহতের স্ত্রী শিরিন বেগম (৫০) ও বড় মেয়ে সালমা (৩০) জানায়, মোস্তফা একজন মানসিক ভারসম্যহীন। মাঝে মধ্যেই বাড়িতে পাগলামী করত। ঘটনার সময় মোস্তফা পাগলামীর এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই শীলপাথর দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এটা নিছক দুর্ঘটনা বলে দাবি করেন তারা।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো: আব্দুল কদ্দুস জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। এছাড়া তার মস্তিষ্কেও সমস্যা ছিল। টাকা-পয়সা নিয়ে বাবার সাথে বাকবিতন্ডায় এক পর্যায়ে এ দুর্ঘটনা ঘটে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহুরুল ইসলাম জানান, ভ্যানচালক রহিম ভূইয়াকে তার ছেলে মোস্তফা ভূইয়া শীলপাটার পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার পর অভিযুক্ত মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ায় তাকে গ্রেফতার করা যায়নি। লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।



