ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে পিকনিকের নৌকার ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রকির (২২) লাশ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত রাকিবুল ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯টার দিকে চরকুড়ুলিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একটি লাশ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ১২৩ জন যাত্রী নিয়ে একটি পিকনিকের নৌকা হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে রাকিবসহ কয়েকজন যাত্রী নদীতে ছিটকে পড়েন। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
এ ঘটনায় মো: লিটন, মো: ওয়াহাব ও সোহাগ (২৫) নামে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও রাকিবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান না মেলায় স্বজন ও সহযাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।
নৌকায় থাকা যাত্রীরা জানায়, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী থেকে গড়াই নদীপথে নৌকাযোগে পদ্মা নদীতে পিকনিকে বের হন শতাধিক মানুষ। দিনভর পিকনিক শেষে রাতে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে নৌকাটি ৫ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।
অবশেষে ঘটনার প্রায় ৩৮ ঘণ্টা পর রোববার সকালে চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে রাকিবের লাশ ভেসে ওঠে।
ঈশ্বরদী নৌ-পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘উদ্ধার করা লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
ঈশ্বরদী থানার ওসি মো: আশাদুর রহমান বলেন, ‘পদ্মার শাখা নদীতে একটি লাশ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রকির বলে নিশ্চিত হওয়া গেছে।’



