মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মারুফ খান (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রীনিবাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ খান মদন পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের মদন কান্দাপাড়া গ্রামের আশিক খান কপি ও মদন পৌরসভার সাবেক কাউন্সিলর পপি আক্তার দম্পতির ছেলে। তিনি পুরান ঢাকার কবি নজরুল ইসলাম সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মারুফ খানের বাবা আশিক খান মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রীনিবাসের ভবনে সাব-ঠিকাদারী হিসেবে কাজ করছেন। বাবার সাথে মারুফ খান নিয়মিত কাজের দেখাশোনা করতেন। মঙ্গলবার সকালে কাজের দেখাশোনা করতে বাবাকে নিয়ে মারুক খান বিদ্যালয়ে যান। সেখানে গ্রিলের সাথে ত্রুটিপূর্ণ বৈদ্যুত্কি তার ঝুলানো ছিল। সেই তারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মারুফ।
নিহত মারুফ খানের বাবা আশিক খান বলেন, আমি ওই বিদ্যালয়ের দু’টি ভবনের সাব-ঠিকাদার হিসেবে কাজ পাই। আমি ক্যান্সারে আক্রান্ত থাকায় আমার ছেলেই আমাকে নিয়ে কাজের দেখাশোনা করত। আজকে বাবা-ছেলে একসাথে বিদ্যালৃয়ের কাজ দেখতে যাই। সেখানে গ্রিলের সাথে ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারে হাত দেয়া মাত্রই আমার ছেলে বিদ্যুতায়িত হয়। পরে আমি লাইন বন্ধ করলে আমার ছেলে মেঝেতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আমার ভরসাই ছিল একমাত্র মারুফ। তাকে সিঙ্গাপুরে কাজে পাঠানোর জন্য টাকা দেয়া হয়েছে। আমার ছেলে আর বিদেশে যেতে পারল না। আমি অসুস্থ। জানি না এখন আমার সংসার কেমনে চলবে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।



