মিরসরাইয়ে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে মো: আবুল হোসেন জাফর (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজুল ইসলাম সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন জাফর তাজুল ইসলাম সওদাগর বাড়ির মরহুম বদিউল আলমের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক ছিলেন।
মিরসরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিহত আবুল হোসেনের বড় ছেলে মো: মুনছুর আলমের সাথে মোবাইলে লুড়ু খেলা নিয়ে একই এলাকার মো: জহির উদ্দিনের ছেলে মো: রায়হানের ঝগড়া হয়। দুই কিশোরের ঝগড়ার মধ্যে অভিভাবকরাও জড়িয়ে পড়েন।
একপর্যায়ে সন্ধ্যায় রায়হানকে একটি সালিশী বৈঠকে থাকতে বলেন আবুল হোসেন। এতে রায়হান ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা একটি ইট আবুল হোসেনের দিকে ছুঁড়ে মারে। ইটের আঘাতে আবুল হোসেন সাথে সাথে মাটিতে লুটে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিরিনা আক্তার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মো: আবুল হোসেন জাফর দুপুরে গাড়ি চালিয়ে বাড়ি এসে দেখেন তার বড় ছেলে মুনছুরের সাথে রায়হানের ঝগড়া হচ্ছে। একপর্যায়ে রায়হানের মা বিবি জাহেদা ও আবুল হোসেনও ঝগড়ায় জড়িয়ে পড়েন।
ঝগড়ার মধ্যে আবুল হোসেনকে লক্ষ্য করে ইট ছুঁড়তে বিবি জাহেদা ছেলে রায়হানকে উস্কানি দেন। এরপর রায়হান তার হাতের কাছে থাকা একটি ইট আবুল হোসেনকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। ইটের আঘাতে আবুল হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত রায়হানের মা বিবি জাহেদা বলেন, ‘আবুল হোসেন জাফরের ছেলের সাথে আমার ছেলের ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে আবুল হোসেন অশ্রাব্য ভাষায় আমাদের গালাগাল দেয়। একপর্যায়ে সে উত্তোজিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে আমার ছেলে ইট মারেনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: বাঁধন দাশ জানান, মো: আবুল হোসেন জাফর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিওরোলজিক্যাল স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন বলেন, ইটের আঘাতে মো: আবুল হোসেন জাফর নামে একজনের মৃত্যুর সংবাদ শুনে আমরা তার লাশ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিবি জাহেদা নামে একজনকে আটক করা হয়েছে।



