মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে তাহা (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে পৌর শহরের চরমুকুন্দি এলাকায় খেলা শেষে খালে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহা পৌরসভার চরমুকুন্দি গ্রামের মোফাজ্জল হোসেন পাটওয়ারীর ছেলে। তার বাবা চরমুকুন্দি রহমানিয়া জামে মসজিদের ইমাম। তাহা মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী মোস্তফা, কাউছার, মাইনুল ইসলাম জানান, বিকেলে মাদরাসা মাঠে খেলা শেষে পাশের খালে অন্যদের সাথে গোসল করতে নামে তাহা। একপর্যায়ে ডুব দিয়ে আর না ওঠায় অন্যরা তাকে খোঁজাখুঁজি করে। এ সময় বিষয়টি এলাকাবাসী ও অভিভাবকরা জেনে ফায়ার সার্ভিসে খবর দেয়।
প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর খালের পাশের পুকুর থেকে মাদরাসাছাত্র তাহার লাশ উদ্ধার করা হয়। পরে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নূরে আলম অভি জানান, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদী হাসান তুহিন জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে খালের পাশের পুকুরের পানির নিচে পাওয়া যায়। গোসলের স্থান থেকে ২০০ মিটার দূরে শিশুটিকে পাওয়া গেছে। পরে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।
মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ইয়াছিন জানান, দুর্ঘটনার খবরটি শুনে খুবই মর্মাহত হই। পানিতে ডুবে আমাদের এই ছাত্রের মৃত্যুর খবর শুনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আমরা মাদরাসার পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।



