কাউখালী (রাঙামাটি) সংবাদদাতা
রাঙামাটির কাউখালীর সীমান্তবর্তী রাঙ্গুনিয়ায় দুর্ধর্ষ ডাকাতের কবলে পড়ে ১৪ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন খুইয়েছেন রানীরহাট কাঁচামাল আড়তের ম্যানেজার কামাল হোসেন (৩২)।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কামাল হোসেন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাবিলাশ দ্বীপের মো: ইসহাক মিয়ার ছেলে।
চট্টগ্রামের কাঁচামালের পাইকারী ব্যবসায়ী মেসার্স জসিম ট্রেডার্সের ম্যানেজার ভুক্তভোগী কামাল হোসেন জানান, উপজেলার বিভিন্ন বাজারে প্রতি সপ্তাহে পাইকারিতে সবজি বিক্রি হওয়া প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে নগদ ১৪ লাখ টাকা নিয়ে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় রানীরহাট আসছিলেন তিনি।
কাউখালীর সীমানা পেরিয়ে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় প্রবেশ করলে আট থেকে নয় জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই কামালকে বন্দুক ঠেকিয়ে ১৪ লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ দাবি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
টাকার ব্যাগ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাত দল কামালের মাথায় ও পিঠে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে চলে যায়। পরে কামালকে বহনকারী রানীরহাট এলাকার অটোরিকশাচালক মামুন তাকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘ডাকাতির ঘটনা শুনেছি। তবে ঘটনাস্থল রাঙ্গুনিয়া থানার আওতায় হওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্ট থানা ব্যবস্থা গ্রহণ করবে।’


