খুলনার কয়রা উপজেলার সিংহেরটেক এলাকায় রাই নদীতে পর্যটকবাহী একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা নয় পর্যটককে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিংহেরটেক এলাকায় রাই নদীতে এ ঘটনা ঘটে।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির একটি টহল দল দিবাকালীন নৌ টহলে থাকা অবস্থায় ৯৯৯-এর মাধ্যমে খবর পায়, কয়রা থানাধীন সিংহেরটেক এলাকায় রাই নদীতে কয়েকজন পর্যটকসহ একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশনা অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টহল দল।
আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এস এম দিদারুল ইসলামের নেতৃত্বে এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন, তিনজন নৌকা ধরে নদীতে ভাসছেন এবং অপর ছয়জন নদীর মধ্যে থাকা গাছের ডাল ধরে ঝুলে আছেন। পরে নৌ-পুলিশের সদস্যরা দ্রুত তাদের নদী থেকে উদ্ধার করে টহল নৌকায় তুলে নেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— নৌকার মাঝি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকার কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো: আশিক (২৫), মো: পলাশ হোসেন (২৩), মো: শাহীন (২৫), ইমামুল হোসেন (২৫), যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকার মো: গালিব (২৫) ও মো: আব্দুল্যাহ (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া পর্যটকরা জানান, তারা শুক্রবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকা থেকে আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ভ্রমণের উদ্দেশ্যে নৌকায় রওনা হন। ঘোরাফেরা শেষে বিকেল সোয়া ৫টার দিকে সিংহেরটেক এলাকায় রাই নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডুবে যায়।
আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ফারুক হোসেন জানান, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে দ্রুত টহল দল পাঠাই। উদ্ধারকারী টহল দলের তৎপরতায় দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।



