চিকিৎসকদের ডিউটি ফাঁকি তদন্তে সিলেট ওসমানী হাসপাতালে দুদক

সকাল ৮টায় ডিউটি শুরু, কিন্তু ৯টার পরও কর্মস্থলে নেই বহির্বিভাগের ৪৮ শতাংশ ও অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
চিকিৎসকদের ডিউটি ফাঁকি তদন্তে সিলেট ওসমানী হাসপাতালে দুদক
চিকিৎসকদের ডিউটি ফাঁকি তদন্তে সিলেট ওসমানী হাসপাতালে দুদক |নয়া দিগন্ত

সকাল ৮টায় ডিউটি শুরু, কিন্তু ৯টার পরও কর্মস্থলে নেই বহির্বিভাগের ৪৮ শতাংশ ও অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক।

আবার নির্ধারিত ছুটির সময় দুপুর আড়াইটার আগেই হাসপাতাল ছাড়েন বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক।

বায়োমেট্রিক উপস্থিতির এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর চিকিৎসকদের ডিউটি ফাঁকির অভিযোগে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে দুই সদস্যের একটি টিম হাসপাতালে গিয়ে সরেজমিনে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। টিমটি সংশ্লিষ্টদের সাথে কথা বলার পাশাপাশি বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করেছে এবং আরও কিছু তথ্য চেয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ জানান, সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কমিশনের পরবর্তী সিদ্ধান্তের জন্য প্রতিবেদন দাখিল করা হবে।

চিকিৎসকদের একটি অংশের বিরুদ্ধে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া, পুরো কর্মঘণ্টা দায়িত্ব পালন না করা, রোগীদের চিকিৎসাসেবা দিতে অবহেলা ও হয়রানির অভিযোগ রয়েছে।

বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা নির্ধারিত সময়ে চিকিৎসক না পেয়ে ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যেই সম্প্রতি বায়োমেট্রিক তথ্য পর্যালোচনা করে চিকিৎসকদের উপস্থিতি ও প্রস্থানে ব্যাপক অসঙ্গতির চিত্র সামনে আসে।

ওই তথ্যের ভিত্তিতে হাসপাতালের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির স্বাক্ষরিত নোটিশে চিকিৎসকদের সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত নির্ধারিত কর্মঘণ্টা পালনের নির্দেশ দেয়া হয়।

নোটিশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ওসমানী হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মধ্যেই চিকিৎসকদের দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের অভিযান হাসপাতালের কর্মশৃঙ্খলা ও রোগীসেবার প্রশ্নটিকে নতুন করে সামনে এনেছে।