ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার (১০ জুন) সকাল পৌনে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিকট শব্দে পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে লোকোশেড থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই ওই রিলিফ ট্রেনটিও আংশিক লাইনচ্যুত হয়। পরে একটি বগি বিচ্ছিন্ন রেখে উদ্ধার কাজ চালিয়ে অবশেষে লাইনচ্যুত পাওয়ার কারটি সরানো সম্ভব হয়।
ময়মনসিংহ রেলওয়ের ট্রাভেলিং টিকিট ইন্সপেক্টর মো: মজিবুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার পর উদ্ধার কাজ সম্পন্ন হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেনের ভেতরে গরমে অতিষ্ঠ হয়ে পড়েন অনেকে। একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করছি। বাচ্চারা গরমে কষ্ট পাচ্ছে, অথচ ট্রেনে পর্যাপ্ত ফ্যান বা ভালো টয়লেটের ব্যবস্থা নেই।
যাত্রীরা আরো বলেন, এই রুটে প্রায়ই ইঞ্জিন বিকল, অগ্নিকাণ্ড বা লাইনচ্যুত হওয়ার মতো ঘটনা ঘটছে, যা নিরাপদ যাত্রা নিয়ে উদ্বেগ তৈরি করছে। তারা দ্রুত রেল ব্যবস্থার উন্নয়ন ও নজরদারি জোরদারের দাবি জানান।
ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয়েছিল। উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় রিলিফ ট্রেনেরও আংশিক লাইনচ্যুতি ঘটে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।’



