বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন বলেছেন, ‘সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ চিরতরে বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
তিনি বলেন, ‘মাদক একটি ভয়াবহ সামাজিক ও রাষ্ট্রবিরোধী ব্যাধি। এর বিস্তার রোধে কঠোর আইন প্রণয়ন, কার্যকর বাস্তবায়ন ও সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।’
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলওয়ে স্টেশন চত্বরে জেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা মোবারক হোসেন বলেন, ‘জাতীয় বাজেটে মাদকের মূল্য বৃদ্ধি করার কথা বলা হলেও শুধু দাম বাড়িয়ে মাদকসেবন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এর বিস্তার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যুবসমাজকে রক্ষায় সরকারকে আরো কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে তিনি বলেন, ‘ভারত আমাদের পানির ন্যায্য হিস্যা আটকে রাখে, আবার সীমান্ত দিয়ে মাদকও প্রবেশ করায়। আমরা ইলিশ, আম ও কাঁঠাল পাঠাই, আর তারা পাঠায় মাদক। আমরা চাই, সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ চিরতরে বন্ধ হোক।’
তিনি আরো বলেন, ‘মাদক আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ, সুন্দর ও নৈতিক সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সমাবেশে আরো বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, সাবেক নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, এনডিএফ জেলা সভাপতি ডা: আবু হানিফ, অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রচার ও মিডিয়া সম্পাদক মো: রুকন উদ্দিন, এইচআরডি সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী ও আইন ও যুব সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।
সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।



