গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— কদমতলী গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) ও বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা ও গাছ থেকে জাম পাড়ার সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। এরপর দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশুদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



