কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা ৫৫টি ভারতীয় চোরাই মোবাইলফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো: এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসাদমোড় এলাকায় মোবাইলফোনের চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে এনামুল হক অন্তরের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে তল্লাশি চালিয়ে ৫৫টি ব্যবহৃত ভারতীয় মোবাইলফোন পাওয়া যায়। জব্দ করা ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোর বিভিন্ন মডেল রয়েছে। উদ্ধার করা মোবাইলফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ টাকা।
অভিযানে অংশ নেয় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানের সমন্বয়ে পুলিশের একটি দল। অভিযানে সহযোগিতা করে বিজিবির ধলডাঙ্গা ক্যাম্পের কমান্ডার সুবেদার মো: মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় এলাকাটি দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সহযোগিতা অভিযান চালিয়ে এসব মোবাইলফোন জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় আটক এনামুল হক অন্তরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মোবাইলফোনগুলোও আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।



