বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত শহীদ আবু সাঈদকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যে বান্দরবানে শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে বান্দরবান পৌর এলাকার ধনেশ পাখি চত্বর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পাঠাগারের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: নাছির উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির বান্দরবান জেলার সভাপতি অং চ মং, জুলাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: আসিফ ইকবালসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ সময় পাঠাগার উদ্বোধন উপলক্ষে পাঠাগারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে এই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করা হয়েছে জানিয়ে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান।
এ সময় বক্তারা আরো বলেন, জুলাই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নামে একটি পাঠাগার তৈরি করার মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষার্থীদের জ্ঞানের ব্যাপ্তি আরো বাড়বে। এই পাঠাগারের মাধ্যমে নিত্যনতুন বইয়ের সংস্পর্শে আসবে শিশু থেকে বিভিন্ন বয়সী পাঠকরা।



