স্বামীর হামলায় মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী

স্বামীর হামলায় স্ত্রী মাথায় গুরুতর আঘাত পান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Location :

Manpura
স্বামীর হামলায় স্ত্রী জখম হয়েছেন
স্বামীর হামলায় স্ত্রী জখম হয়েছেন |মানচিত্র

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় স্বামীর হামলায় আসমা (২২) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত আসমা উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নসির মাঝির মেয়ে। তার স্বামী মামুন (২৭) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোতালেব মেম্বারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে মামুন তার স্ত্রী আসমাকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত আসমার ভাই সিরাজ বলেন, ‘আমার বোনের সাথে মামুনের দুই বছর আগে বিয়ে হয়। তারা সুন্দরভাবে সংসার করছিল। মামুনের আগের একটি বিয়ে হয়েছিল ও ওই সংসারের বিষয়কে কেন্দ্র করেও বিভিন্ন সময় পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গত কয়েক মাস আগে মামুন আমার বোনকে ব্যাপক মারধর করে। পরে আবার মিলমিশ হয়ে সংসার করছিল। তার প্রথম স্ত্রীর প্ররোচনায় আমার বোনকে এর আগেও হত্যার চেষ্টা করেছিল। কিন্তু এমন জখম কখনো করেনি মামুন। আমার বোনকে হত্যার উদ্দেশে কুপিয়ে বাড়িতে ফেলে যায়। স্থানীয়রা আমাদের জানালে তাকে উদ্ধার করে মনপুরা হাসপাতালে আনি। আমরা মামুনের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।’

অভিযুক্ত মামুনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।