খাগড়াছড়িতে বজ্রপাতে একসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার নুনছড়ি থলিপাড়ার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উচিমং মারমা (৫৫) ও তার স্ত্রী চাইঞাও মারমা (৪৫)।
নিহত দম্পতির বড় ছেলে আখং মারমা জানান, সন্ধ্যায় ঝুম বৃষ্টির সময় তার বাবা ঘরের সামনে উঠানে গোসল করছিলেন আর মা দরজার সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং ঘরের সোলার প্যানেলসহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।
খাগড়াছড়ি গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে লাশগুলো বাড়িতে রয়েছে। রোববার দাহক্রিয়া সম্পন্ন করা হবে।



