কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় উল্টোপথে আসছিল দিনমজুরদের বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা
দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা |নয়া দিগন্ত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত তিনজনই দিনমজুর বলে জানা গেছে। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওসমান গণি এ তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় উল্টোপথে আসছিল দিনমজুরদের বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা। এ সময় শাহআলী সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকায় চালকসহ পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত হন দু’জন।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত দু’জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওসমান গণি বলেন, নিহত তিনজনই দিনমজুর বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তারা উল্টোপথে রতনপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে কাজের সন্ধানে রতনপুর বাজারে যাচ্ছিলেন তারা। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।