সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসূচি পালন

বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে আবারো ব্যাংকটিকে লুটেরাদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে। তারা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর ও দেশের ব্যাংকিং খাত ধ্বংসের অন্যতম মূলহোতা বাংলাদেশ ব্যাংকের বরখাস্তকৃত সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে দিয়ে রাতের আধারে ব্যাংক দখলের ষড়যন্ত্র করছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইসলামী ব্যাংক অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাহকরা
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইসলামী ব্যাংক অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাহকরা |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে সিলেট নগরীর বেশ কয়েকটি স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে সিলেট নগরীর ইসলামী ব্যাংকের তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড় ও আম্বরখানা শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সিলেট।

এছাড়াও সিলেট নগরীর সকল শাখা-উপশাখার সামনে সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন। এর পাশাপাশি গ্রাহক ফোরামের অনুরোধের পরিপ্রেক্ষিতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন শাখায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের এক ঘণ্টা কলম বিরতি পালনের অনুরোধ জানানো হয়। গ্রাহকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শাখার কর্মকর্তারা কলম বিরতি পালন করেন।

নগরীর তালতলায় ইসলামী ব্যাংক অফিসের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদ সিলেটের প্রধান সমন্বয়ক ফাতির আহমদ।

অ্যাডভোকেট আব্দুল খালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মো: আলীম উদ্দিন, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট জিয়াউদ্দিন নাদের, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল খালিক, ইসলামী ব্যাংকের গ্রাহক কলিম উদ্দিন, তারেকুল ইসলাম রোকন ও সাইফুর রহমান প্রমুখ।

জিন্দাবাজারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন গ্রাহক আলীমুল এহছান চৌধুরী। লালদিঘীরপাড়ের কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসীন খান ও আম্বরখানায় সভাপতিত্ব করেন কবির আহমদ।

পৃথক কর্মসূচিতে বক্তাগণ বলেন, ইসলামী ব্যাংক এদেশের ধর্মপ্রাণ মানুষের রক্ত ও ঘামের প্রতিষ্ঠিত ব্যাংক। দেশ-বিদেশের কোটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক এই ব্যাংকটিকে ধ্বংস করতে দেয়া হবে না।

পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ব্যাংকটি থেকে প্রতিষ্ঠাতা ও মুল উদ্যোক্তাদের সরিয়ে কতিপয় লুটপাটকারীদের হাতে তুলে দিয়েছিল। যার ফলে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ও লুটপাট হয়।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকটি রক্ষার উদ্যোগ নিয়েছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে আবারো ব্যাংকটিকে লুটেরাদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে। তারা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর ও দেশের ব্যাংকিং খাত ধ্বংসের অন্যতম মূলহোতা বাংলাদেশ ব্যাংকের বরখাস্তকৃত সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে দিয়ে রাতের আধারে ব্যাংক দখলের ষড়যন্ত্র করছে।

একদিকে দেশের বিভিন্ন ব্যাংকে গ্রাহক তার জমানো টাকা তুলতে পারছে না। এদিকে সরকারের কোনো উদ্যোগ নেই। বরং উল্টো ইসলামী ব্যাংককে লুটপাটের মাধ্যমে আবারো দেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করার দিকে হাটছে।

গ্রাহকদের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনে হামলার ফল ভালো হবে না। ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করলে সচেতন গ্রাহকরা ঘরে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি করেন তারা।