রহস্যজনক গোপনীয়তায় জামিনে মুক্ত সাবেক এমপি শিউলি আজাদ

ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) কারাগার থেকে জামিনে মুক্তি পেলেও বিষয়টি প্রায় দুই দিন গোপন ছিল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
রহস্যজনক গোপনীয়তায় জামিনে মুক্ত সাবেক এমপি শিউলি আজাদ
রহস্যজনক গোপনীয়তায় জামিনে মুক্ত সাবেক এমপি শিউলি আজাদ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) কারাগার থেকে জামিনে মুক্তি পেলেও বিষয়টি প্রায় দুই দিন গোপন ছিল। মঙ্গলবার (২১ জুলাই) রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে মুক্তি পান।

তবে রহস্যজনকভাবে এ তথ্য প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায়। কারাগার ও সংশ্লিষ্ট সূত্রগুলো থেকেও তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়নি, যা নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

উম্মে ফাতেমা নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের সহধর্মিণী।

২০২৪ সালের ৬ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে সরাইল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সরাইল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সরাইল থানা সূত্র জানায়, ওই হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ জনকে আসামি করা হয়। উম্মে ফাতেমা নাজমা বেগম ওই মামলার ৪ নম্বর আসামি।

গ্রেফতারের পর বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। একটি মামলায় জামিন পেলেই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবেক সংসদ সদস্যের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল উদ্দিন জানান, হয়রানি, আগাম গ্রেফতার, নতুন মামলায় গ্রেফতার দেখানো এবং অন্য কোনো মামলার এজাহারে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন এবং আবেদনকারীকে হয়রানি ও আগাম গ্রেফতার থেকে বিরত থাকার নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো: মজিবুর রহমান মজুমদার বলেন, ‘মঙ্গলবার রাতেই তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।’