পিরোজপুরের কাউখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো: শহিদুল ইসলাম (৬৮) নামে এক জুতা ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজিয়ালখান এলাকায় সরকারি বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে ব্রিজ সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শহিদুল ইসলাম উজিয়ালখান এলাকার বাসিন্দা আব্দুর রবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহিদুল সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় পথচারী মাহফুজুর রহমান জানান, মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। বিকট শব্দ শুনে দেখি দু’জন আহত অবস্থায় পড়ে আছেন। পরে আমরা তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান বলেন, ‘একজন প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো: এবাদ আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



