বাংলাদেশ কওমি মাদরাসা (বেফাক) শিক্ষা বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় স্ট্যান্ড করে সংবর্ধিত হয়েছেন দাওরায়ে হাদিস সম্পন্নকারী ১২০ কৃতী শিক্ষার্থী।
বুধবার (৩ জুন) দুপুরে ধামরাই পৌর এলাকায় মুন্নু কমিউনিটি সেন্টারে দ্বীনি চেতনা পরিষদ নামের একটি অরাজনৈতিক দ্বীনি সংস্থা প্রথমবারের মতো এ সংবর্ধনার আয়োজন করে।
দ্বীনি চেতনা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাজহারুল ইসলাম আজহারীর সঞ্চালনায় প্রধান মেহমানের বক্তব্য দেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ ছাড়া বিশেষভাবে আরো উপস্থিত ছিলেন ইসলামপুর মহিলা মাদরাসার প্রিন্সিপাল আবুল হোসেন, দ্বীনি চেতনা পরিষদের উপদেষ্টা আশরাফ আলী, আব্দুল মালেক, আনোয়ার মুর্তজা প্রমুখ।
এ সময় মাওলানা মাহফুজুল হক কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখন হচ্ছে জীবন গড়ার সময়, শিক্ষার আলো দিয়ে জীবন আলোকিত করতে হবে। তবে অনেকে শিক্ষার সাথে সাথে প্রবীণদের ভুল ধরায় লিপ্ত হয়ে যায়, যা জীবন চলার পথকে ভুল পথে পরিচালনা করে থাকে। দ্বীনি চেতনা পরিষদের এমন সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফলে ভূমিকা রাখবে।’
তিনি আরো বলেন, শুধু শিক্ষার্থীদের জন্য নয় সমাজের প্রতিটি ক্ষেত্রে দ্বীনি চেতনা অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’
সংবর্ধনা সভা শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, আলেম-ওলামা, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র-জনতা অনুষ্ঠানে অংশ নেন।



