রোকেয়া হলে গাছ থেকে পড়ে মালির মৃত্যু

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ইন্টারনেট

ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সিয়াকুল (৩৮) নামে এক বাগান মালির মৃত্যু হয়েছে। তিনি ঢাবি স্টাফ বাগানের মালি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সুশীল জানান, নিহত সিয়াকুল ঢাবির রোকেয়া হলের বাগানের মালি। সকালের দিকে রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত সিয়াকুল নড়াইল জেলার নডাগাতি থানা দেবদূত গ্রামের রয়জুলের ছেলে। বর্তমানে ঢাবির রোকেয়া হলেই থাকতেন তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।