চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মো: মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবুল হক উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের আব্দুল হকের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন মজিবুল। রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, ‘বড়তাকিয়া এলাকায় গাড়ির ধাক্কায় মজিবুল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।’



