পার্বত্য জেলায় ভূমিধসের সতর্কবার্তা, টানা বৃষ্টি কতদিন চলবে?

আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যার মধ্যে পরবর্তী ৪৮ ঘণ্টা চট্টগ্রাম ও বরিশালে অতি ভারী বর্ষণ হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
পাহাড়ধস
পাহাড়ধস |ফাইল ছবি

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কবার্তাও দেয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজার ও বান্দরবান জেলাকে ভূমিধসের মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ জুলাই সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

দেশের বেশিভাগ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সূত্র : বিবিসি