টানা তিন আসরের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে থামিয়ে দীর্ঘ ১৬ বছর পর নারী হকি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টাইনরা।
শনিবারের ফাইনালে শুরুটা অবশ্য ভালো ছিল নেদারল্যান্ডসের। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইবি ইয়ানস ৮টি গোল নিয়ে ফাইনালে নেমেছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচেও দলকে এগিয়ে দেন তিনি। তার গোলে এগিয়ে যায় ডাচরা।
তবে ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৫৪তম মিনিটে মারিয়া গ্রানাতোর গোলে সমতা ফেরে। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানেই বাজিমাত আর্জেন্টিনার। শুটআউটে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় তারা। ২০১০ সালের পর এবারই প্রথম নারী হকি বিশ্বকাপের ট্রফি জিতল আর্জেন্টিনা। সব মিলিয়ে এটি তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা।
এই জয় দিয়ে চার বছর আগের ফাইনালের আক্ষেপও মুছে ফেলেছে আর্জেন্টিনা। ২০২২ সালের ফাইনালে একই নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল তারা। এবার সেই দলকেই ফাইনালে হারিয়ে প্রতিশোধ নিল আর্জেন্টাইনরা।
অন্যদিকে রেকর্ড নয়বারের বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের টানা চতুর্থবার শিরোপা জয়ের স্বপ্ন থেমে গেল ফাইনালে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বেলজিয়াম।



