বাবাকে হারিয়ে শোকে কাতর লিওনেল মেসি। তাই শনিবার লিগস কাপে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামা হয়নি তার। তবে মেসি ছিলেন সতীর্থদের হৃদয়ে। আর সেই ভালোবাসার সবচেয়ে আবেগঘন প্রকাশ দেখা গেল রদ্রিগো দি পলের গোলে।
হোর্হে মেসির মৃত্যুর পর শোকের আবহেই মেক্সিকোর মনতেরের বিপক্ষে লিগস কাপের ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর আগে মেসির বাবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মায়ামির খেলোয়াড়েরাও হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
মেসির অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে দি পলের হাতে। ৩২ মিনিটে কাসেমিরোর কাছ থেকে বক্সের বাইরে পাস পেয়ে ডান পায়ের শটে মায়ামিকে এগিয়ে দেন তিনি। এরপরই আসে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত।
গোলের পর জার্সি খুলে ফেলেন দি পল। নিচে তখন দেখা যায় মেসির ১০ নম্বর জার্সি। সেটি গ্যালারির দিকে তুলে ধরে সতীর্থ মেসির প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা দেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্যালারিতেও ছিল বিশেষ আয়োজন। ম্যাচের ১০ মিনিটে সমর্থকেরা মেসির নামে স্লোগান দেন। উড়তে থাকে তার পতাকা। একটিতে লেখা ছিল—‘ফুয়েরজা, লিও’ (শক্ত থাকো, লিও)।
৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। বাবার স্মরণসভায় যোগ দিতে আর্জেন্টিনার রোজারিওতে ফিরে গেছেন মেসি।
কিন্তু মেসির জন্য দি পলের সেই আবেগঘন গোল শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি মায়ামিকে। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় তারা।
লিগস কাপে দুই ম্যাচে একটিতে হেরে পয়েন্ট তালিকায় এখন নবম স্থানে মায়ামি। ১২ আগস্ট লিওনের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে মেসির দল।



