চার বছরের চুক্তিতে ইতালির সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে জাতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
শুক্রবার ইতালীয় দৈনিক লা রিপাবলিকা এ তথ্য জানিয়েছে।
ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো ইতালির হয়ে ২০০৬ সালের বিশ্বকাপ জিতেছিলেন। পাশাপাশি ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে একটি বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার কাটান।
৪৭ বছর বয়সী এই কোচ বর্তমানে দুবাই ইউনাইটেডের দায়িত্বে আছেন। ক্লাবটি সংযুক্ত আরব আমিরাতের প্রথম বিভাগ লীগে খেলে।
পিরলো ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের দায়িত্বে ছিলেন এবং তুরিনের এই ক্লাবটিকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতিয়েছিলেন।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি একজন নতুন কোচের সন্ধান করছে। ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার সাবেক ম্যানেজার পেপ গার্দিওলা ইতালির দায়িত্ব নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পরেই আন্দ্রেয়া পিরলোর সাথে এই কথিত চুক্তিটি সম্পন্ন হয়।
ইতালীয় ফুটবল কয়েক দশকের মধ্যে অন্যতম গভীর সঙ্কটের মুখোমুখি হয়েছে। নতুন কোচ নিয়োগকে একটি বৃহত্তর প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : রয়টার্স



