আসরের মাঝপথেই জোন্সের বিদায়, ভারতের বিপক্ষে বাংলাদেশের কোচ মিশু

সিরিয়ার বিপক্ষে ম্যাচের পর আজ পুনরুদ্ধার সেশন করবে বাংলাদেশ। এরপর উজবেকিস্তান সময় বিকেল ৪টায় মিশুর অধীনে অনুশীলন করবে দল। এখন ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মিশুর অধীনে বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই দেখার বিষয়।

নয়া দিগন্ত অনলাইন
মিশু ও জোন্স
মিশু ও জোন্স |সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দুই ম্যাচ হেরে কঠিন অবস্থায় পড়েছে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ হারের পর ৩-০ গোলে হেরেছে সিরিয়ার কাছেও। এমতাবস্থায় আসরের মাঝপথেই প্রধান কোচ জেরার্ড জোন্সকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সিরিয়ার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচের পরই জোন্সকে দল থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে। পরে তাকে দল থেকে সরিয়ে অন্য একটি হোটেলে রাখা হয়। ৬ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ডাগআউটে থাকবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

সাম্প্রতিক সময়ে জোন্সকে ঘিরে বাফুফের অস্বস্তি অবশ্য নতুন নয়। উজবেকিস্তান সফরের আগেই তার সাথে সহকারী কোচ মিশুর সম্পর্কের অবনতি প্রকাশ্যে আসে। ঢাকার একটি হোটেলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর উজবেকিস্তানে মিশুকে না নেয়ার ব্যাপারে জোন্স অনড় ছিলেন।

শেষ পর্যন্ত বাফুফের মধ্যস্থতায় দুজনই দলের সাথে উজবেকিস্তানে যান। তবে সেখানে প্রথম দিকে মিশুকে জোন্সের নির্দেশে ডাগআউটে সক্রিয় থাকতে দেয়া হয়নি। কিন্তু এর মাঝে মাঠের ফলও জোন্সের বিপক্ষে যায়। টানা দুই হারে মূল পর্বে ওঠার সম্ভাবনাও প্রায় শেষ হয়ে যায়।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার পর বড় প্রত্যাশা নিয়ে এই বাছাইয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ প্রস্তুতি নিয়ে দলকে মূল পর্বে নেয়ার দায়িত্ব দেয়া হয়েছিল ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে। কিন্তু মাঠের পারফরম্যান্সের পাশাপাশি কোচিং স্টাফের অভ্যন্তরীণ দ্বন্দ্বও দলের প্রস্তুতিতে অস্বস্তি তৈরি করে।

এবার শেষ ম্যাচে সেই দলেরই দায়িত্ব পেয়েছেন মিশু। ভারতের বিপক্ষে ম্যাচটিকে মর্যাদার লড়াই হিসেবে দেখছেন তিনি। মিশু বলেন, ‘বাংলাদেশ-ভারত ম্যাচ সব সময়ই মর্যাদার। আমাদের জন্য টুর্নামেন্ট প্রায় শেষই। গাণিতিক কিছু সম্ভাবনা রয়েছে যদিও। আমরা ভারতের বিপক্ষে তিন পয়েন্টের জন্য খেলব।’

সিরিয়ার বিপক্ষে ম্যাচের পর আজ পুনরুদ্ধার সেশন করবে বাংলাদেশ। এরপর উজবেকিস্তান সময় বিকেল ৪টায় মিশুর অধীনে অনুশীলন করবে দল। এখন ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মিশুর অধীনে বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই দেখার বিষয়।

এদিকে জোন্সের সাথে বাফুফের দুই বছরের চুক্তি নিয়েও তৈরি হয়েছে আর্থিক জটিলতা। চুক্তির নির্ধারিত মেয়াদের আগে তা বাতিল হলে ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি সামনে আসছে। জোন্সের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও তার সাথে বাফুফের সম্পর্কের অবনতির বিষয়গুলো বিবেচনায় নিয়ে কিভাবে চুক্তি নিষ্পত্তি করা হবে, সেটি নিয়ে কাজ করছে ফেডারেশন।