কঠিন সময়ে রোনালদোর সমর্থন পেলেন মেসি

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদো। তবে মেসির বাবাকে নিয়ে করা আবেগঘন পোস্টে রোনালদোর মন্তব্য মাঠের বাইরে তাদের গভীর পারস্পরিক শ্রদ্ধা তুলে ধরে।

নয়া দিগন্ত অনলাইন
মেসি ও রোনালদো
মেসি ও রোনালদো |নয়া দিগন্ত অনলাইন

ফুটবল মাঠে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদো। তবে মাঠের বাইরের সম্পর্কের জায়গায় তাদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধা রয়েছে, সেটিই আবারো সামনে এলো।

কদিন আগে মারা গেছেন মেসির বাবা হোর্হে মেসি। ৬৮ বছর বয়সে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা যান। বাবাকে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দেন মেসি।

সেখানে বাবার সাথে নিজের শেষ বিশ্বকাপের স্মৃতি ও তাকে ঘিরে থাকা স্বপ্নের কথা তুলে ধরেন আর্জেন্টাইন তারকা। মেসি জানান, বাবার শারীরিক অবস্থা বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে খারাপ হয়ে যায়।

ক্যারিয়ারে প্রথমবার কোনো বড় টুর্নামেন্টে বাবা তার পাশে থাকতে পারেননি। তবে মেসির মা তাকে আশ্বস্ত করেছিলেন, বাবা সুস্থ হয়ে আবার মাঠে বসে তার খেলা দেখবেন।

মেসি লিখেন, ‘বাবা তুমি বারবার আমাকে আরো একটি বিশ্বকাপ খেলার জন্য বলছিলে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েক দিন আগেই তোমার শারীরিক অবস্থার অবনতি হলো। আমার ক্যারিয়ারে এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে তুমি আমার পাশে থাকতে পারলে না।

মা আমাকে বারবার বলছিল, তুমি সুস্থ হয়ে উঠবে। আবার মাঠে এসে আমার খেলা দেখার মতো ফিট হয়ে যাবে। আমিও সেই আশাতেই ছিলাম। আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমরা বিশ্বকাপের ফাইনালে পৌঁছাব।

তুমি সেখানে এসে আমার খেলা দেখবে—এটাই ছিল এবারের বিশ্বকাপে আমার একমাত্র লক্ষ্যগুলোর একটি। প্রতিটি ম্যাচের পর আমি তোমার বার্তার অপেক্ষা করতাম। তোমার মেসেজগুলো খুব মিস করতাম।

তখনই ধীরে ধীরে বুঝতে পারছিলাম, পরিস্থিতি আসলে কতটা গুরুতর হয়ে উঠেছে। তুমি আমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিলে। মাঠে আমার সাফল্য, ব্যর্থতা—সবকিছুর পর তোমার সাথে কথা বলার অভ্যাস ছিল।

এখন সেই মানুষটিই আর নেই, এটা মেনে নেয়া আমার জন্য খুব কঠিন। বিশ্বকাপের মতো এত বড় একটি মুহূর্তেও তোমাকে পাশে না পাওয়ার কষ্ট সবসময় আমার সাথে থাকবে। বাবা, তোমার জন্য আমি যা করতে চেয়েছিলাম, তার সবটা হয়তো করতে পারিনি।

কিন্তু তুমি আমার জীবনে যে ভালোবাসা, শিক্ষা ও শক্তি দিয়ে গেছ, সেগুলো নিয়েই আমি সামনে এগিয়ে যাব। তোমাকে খুব মিস করব। তুমি সবসময় আমার সাথে থাকবে।’

মেসির এমন আবেগঘন পোস্টে সান্ত্বনা জানিয়েছেন রোনালদো। মেসির পোস্টে মন্তব্য করে পর্তুগিজ তারকা লেখেন, ‘এই কঠিন সময়ে তোমাকে ও তোমার কাছের মানুষদের অনেক বড় একটি আলিঙ্গন জানাই, লিও। শক্ত থাকো।’

দীর্ঘদিনের ফুটবলীয় দ্বৈরথ ভুলে কঠিন সময়ে মেসির পাশে দাঁড়িয়ে রোনালদোর এই বার্তা আরো একবার দেখিয়ে দিল, মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরেও দুই কিংবদন্তির মধ্যে রয়েছে গভীর পারস্পরিক শ্রদ্ধা।