জাতীয় দলকে বিদায় বলতে প্রস্তুত রোনালদো!

পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে ১৪৬ গোল—যে রেকর্ড হয়তো বহু বছর ধরেই ধরা-ছোঁয়ার বাইরে থাকবে। তবে সংখ্যার বাইরেও রোনালদোর সবচেয়ে বড় পরিচয়, তিনি একটি জাতির স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো |নয়া দিগন্ত অনলাইন

জাতীয় দলের জার্সিটা দ্রুতই তুলে রাখতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই দশকেরও বেশি সময় ধরে অমর সব মুহূর্ত উপহার দেয়া এই তারকা বিদায় বলতে চলেছেন পর্তুগালকে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন এই কিংবদন্তি।

লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ নৃত্য, শেষবারের মতো জাতীয় সঙ্গীতের সময় বুকে হাত রেখে দাঁড়ানোর মুহূর্ত।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবলে তার পথচলা নিয়ে যে আলোচনা চলছিল এবার সেই জল্পনার ইতি টেনে অবসরের ঘোষণা দিতে পারেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফরোয়ার্ড।

২০০৩ সালে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ ইতিহাসের অংশ। সেই তরুণ রোনালদো সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।

পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে ১৪৬ গোল—যে রেকর্ড হয়তো বহু বছর ধরেই ধরা-ছোঁয়ার বাইরে থাকবে। তবে সংখ্যার বাইরেও রোনালদোর সবচেয়ে বড় পরিচয়, তিনি একটি জাতির স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।

তার নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে জিতেছে উয়েফা নেশনস লিগের শিরোপাও। প্রতিটি ট্রফির সাথে জড়িয়ে আছে তার অদম্য লড়াই, নেতৃত্ব আর জয়ের ক্ষুধা।

রোনালদোর সম্ভাব্য বিদায়ের মধ্য দিয়েই নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে পর্তুগাল। সদ্য দায়িত্ব নেয়া প্রধান কোচ হোর্হে জেসুস অবশ্য জানিয়েছেন, হঠাৎ করেই দলে বড় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই।

এদিকে জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ফুটবলকে এখনই বিদায় বলছেন না রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকার আল নাসরের সাথে চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।

পেশাদার ক্যারিয়ারে ৯৭৬ গোল করা রোনালদোর সামনে এখন আরেকটি স্বপ্ন—এক হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করা। সেই পথেই ছুটছেন তিনি।

যদি সত্যিই ওয়েলস ম্যাচের পর বিদায় বলেন, তবে শুধু পর্তুগাল নয়, আন্তর্জাতিক ফুটবল হারাবে তার সবচেয়ে উজ্জ্বল এক নক্ষত্রকে। শেষ হবে একটা যুগ।