আসিয়ান কাপের আগে ছাঁটাই শুরু, প্রাথমিক দল থেকে বাদ ছয়

অনুশীলন ও ট্রায়ালের পর স্কোয়াড ছোট করার প্রক্রিয়ায় এখন পর্যন্ত বাদ পড়েছেন ছয়জন ফুটবলার। বাদ পড়ার আশঙ্কায় রয়েছে আরো একজন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন চলছে
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন চলছে |নয়া দিগন্ত অনলাইন

আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে ছাঁটাই শুরু করেছেন কোচ টমাস ডুলি। ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে এরই মাঝেই ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন তিনি।

গত ২৫ আগস্ট আসন্ন আসিয়ান কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর ২৮ আগস্ট থেকে শুরু হয় দলের অনুশীলন।

অনুশীলন ও ট্রায়ালের পর স্কোয়াড ছোট করার প্রক্রিয়ায় এখন পর্যন্ত বাদ পড়েছেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাব্বি হোসেন। আজ শুক্রবার আরো একজনকে বাদ দেয়ার কথা রয়েছে।

মূলত ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের সাইফ কেরাওয়ালা, ইতালির দেবজিৎ সরকার ও কানাডার ইয়াসার তাহমিদকে প্রাথমিক দলে ডাকা হয়েছিল। তবে দেবজিৎ ও ইয়াসার শেষ পর্যন্ত জায়গা ধরে রাখতে পারেননি।

অন্যদিকে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন ইসা ফয়সাল। একই সফরে দলের সাথে ছিলেন কাজেম শাহ ও তাজ উদ্দিন। আর রাব্বি হোসেন জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে।

আসিয়ান কাপ সামনে রেখে এখন চূড়ান্ত দল গুছিয়ে নিচ্ছেন ডুলি। আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

এখন পর্যন্ত বাংলাদেশ দলের অবস্থা-

গোলরক্ষক:
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাইফ আমির কেরাওয়ালা।

ডিফেন্ডার:
তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন ও জিদান ইউসুফ।

মিডফিল্ডার:
জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন ও ইউসুফ আহমেদ।

ফরোয়ার্ড:
রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও শুখি ইতুফুসা।