রিয়ালকে ফিরিয়ে দিয়ে বার্সেলোনার পথে রদ্রি

রিয়ালকে পেছনে ফেলে ৬০ মিলিয়ন ইউরোয় বার্সেলোনায় যোগ দিচ্ছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

নয়া দিগন্ত অনলাইন
স্পেনের মিডফিল্ডার রদ্রি
স্পেনের মিডফিল্ডার রদ্রি |সংগৃহীত

ইউরোপের দলবদলের বাজারে সবচেয়ে বড় চমক দেখালেন রদ্রি। দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদের সাথে তার নাম জড়ালেও শেষ পর্যন্ত স্পেনের এই তারকা মিডফিল্ডার নাকি বেছে নিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে!

এমন খবর প্রকাশ হতেই ফুটবল পাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, রিয়ালের সাথে কয়েক দফা আলোচনা হলেও সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়ার বিষয়ে সম্মত হননি রদ্রি।

এরপরই বার্সেলোনার সাথে আলোচনা এগিয়ে নিতে শুরু করেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। তাতেই প্রশ্ন উঠেছে, রিয়ালের মতো ক্লাবকে ফিরিয়ে দিয়ে কেন বার্সেলোনাকেই বেছে নিচ্ছেন রদ্রি?

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, এর প্রধান কারণ ফুটবল দর্শন। রদ্রির বিশ্বাস, পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে যেভাবে তিনি খেলেন, হানসি ফ্লিকের বার্সেলোনাতেও ঠিক একই ধরনের ভূমিকা পালন করতে পারবেন।

এছাড়া স্পেন জাতীয় দলের একাধিক সতীর্থ বর্তমানে বার্সার হয়ে খেলায় তাদের সাথে বোঝাপড়াও তার সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব ফেলেছে।

অন্যদিকে, জার্মান সংবাদমাধ্যম ওয়ানফুটবল জানিয়েছে, রদ্রিকে দলে আনতে নিজেই উদ্যোগ নেন বার্সা কোচ হানসি ফ্লিক। ক্লাব কর্মকর্তাদের ওপর পুরোপুরি নির্ভর না করে তিনি সরাসরি ফোন করেন রদ্রিকে।

সেই কথোপকথনে বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঝমাঠে তার গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন জার্মান এই কোচ।

রদ্রিকে দলে নেয়ার পেছনে আরেকটি বড় কারণ ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি চোট।

হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পাওয়ায় কয়েক মাস মাঠের বাইরে থাকতে পারেন ডাচ মিডফিল্ডার। তাই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য একজন মিডফিল্ডারের খোঁজে নেমে রদ্রিকেই প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছে কাতালান ক্লাবটি।

ম্যানচেস্টার সিটির সাথে রদ্রির বর্তমান চুক্তি শেষ হবে এই মৌসুমের পর। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় না থেকে এবারই স্পেনে ফিরতে চান তিনি। সেক্ষেত্রে তাকে দলে আনতে বার্সেলোনাকে গুনতে হভে প্রায় ৬০ মিলিয়ন ইউরো।

যদিও এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রিয়াল মাদ্রিদের বদলে নীল-লাল জার্সিতেই দেখা যেতে পারে রদ্রিকে।