ইন্টার মিলান থেকে ডামফ্রাইসকে দলে নিলো রিয়াল মাদ্রিদ

টানা দুই মৌসুমে বড় কোন শিরোপা না পাওয়ায় এবার নতুন কোচের অধীনে ঘুড়ে দাঁড়াতে চায় মাদ্রিদ।

নয়া দিগন্ত অনলাইন

ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রাইসকে ২০ মিলিয়ন ইউরোতে ইন্টার মিলান থেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে মাদ্রিদ জানিয়েছে, ‘ডেনজেল ডামফ্রাইসের সাথে ট্রান্সফার বিষয়ে আমরা সমঝোতায় পৌঁছেছি। আগামী চার বছর অর্থাৎ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত ডামফ্রাইস আমাদের দলেই থাকবে।’

এ্যটাকিং রাইট-ব্যাক ৩০ বছর বয়সী ডামফ্রাইস বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে খেলেছেন। শেষ ৩২ রাউন্ডে মরক্কোর কাছে পরাজিত হয়ে নেদারল্যান্ডসকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়।

ইংলিশ তারকা ট্রেন্ট আলেক্সান্দার আর্নল্ডের সাথে রাইট-ব্যাক পজিশনে ডামফ্রাইসকে লড়াই করেই দলে টিকে থাকতে হবে।

২০২১ সালে পিএসভি এইনডোভেন থেকে ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন ডামফ্রাইস। ইন্টারের হয়ে দুটি সিরি-এ শিরোপা জয় করেছেন। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দুইবার ইন্টার রানার্স-আপ হয়েছে।

এবারের গ্রীষ্মে মার্ক কুকুরেলা, বার্নার্ন্ডো সিলভা ও ইব্রাহিমা কোনাটের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে রিয়ালে যোগ দিলেন ডামফ্রাইস।

ইতোমধ্যেই আলভারো আরবেলোয়ার স্থানে অভিজ্ঞ পর্তুগীজ কোচ হোসে মরিনহোকে দায়িত্ব দিয়েছে মাদ্রিদ।

টানা দুই মৌসুমে বড় কোন শিরোপা না পাওয়ায় এবার নতুন কোচের অধীনে ঘুড়ে দাঁড়াতে চায় মাদ্রিদ।

এর আগে ডানি কারভাহাল ও ডেভিড আলাবা দল ছেড়ে চলে যাওয়ায় ২০২৭ সাল পর্যন্ত সেন্টার-ব্যাক এন্টোনিও রুডিগারের সাথে চুক্তি নবায়ন করেছে লস ব্ল্যাঙ্কোসরা।