বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী

জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সানচেজ। স্পেনের রাজপরিবারের সদস্যরাও ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন।

ক্রীড়া ডেস্ক
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ |সংগৃহীত

ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেন সরকার এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।

সরকারি সূত্র জানায়, জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সানচেজ। স্পেনের রাজপরিবারের সদস্যরাও ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন।

রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা নিউ জার্সির স্টেডিয়ামে বসেই ফাইনাল উপভোগ করবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজ ট্রাম্পের নীতির একজন কড়া সমালোচক হিসেবে পরিচিত। ফলে বিশ্বকাপের ফাইনালে দুই নেতার সম্ভাব্য উপস্থিতিও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই জানিয়েছেন, তিনি ফাইনাল ম্যাচটি মাঠে কিংবা টেলিভিশনে দেখবেন না। নিজের দলের সৌভাগ্যের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের পাশাপাশি রাষ্ট্রপ্রধান ও শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও থাকছে বিশ্বনেতাদের উপস্থিতির বিশেষ আকর্ষণ।