বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কোর মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স সরকার দেশটির ফুটবল সমর্থকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। এর আগে বড় কিছু ম্যাচের পর দেশজুড়ে অস্থিরতা ও সহিংসতার ঘটনা ঘটেছিল।
মরক্কো ১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সাথে দেশটির সম্পর্ক বর্তমানে বেশ স্থিতিশীল। ফ্রান্সে কয়েক লাখ মরোক্কান কিংবা মরক্কো- বংশোদ্ভূত ফরাসি নাগরিক বসবাস করেন।
এবারের মরক্কো জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন এবং ফরাসি ক্লাবগুলোর হয়ে খেলেন।
দলের অধিনায়ক আশরাফ হাকিমি স্পেনে জন্মগ্রহণ করলেও তিনি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি) খেলেন।
২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে হারানোর পর উদ্যাপন বেশিরভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ ছিল।
তবে আজ রাতে শুরু হওয়া এই ম্যাচকে কেন্দ্র করে ফ্রান্সজুড়ে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হবে।
ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি ফ্রান্স ইনফো সম্প্রচারমাধ্যমকে বলেন, ‘আমি সবার দায়িত্ববোধের প্রতি আহ্বান জানাচ্ছি। এটি যেন উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে।’
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খল আচরণ সহ্য করা হবে না।’
গত ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি আর্সেনালকে হারানোর পর রাজধানী প্যারিসে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় ফরাসি কর্তৃপক্ষ ২৮০ জনের বেশি মানুষকে গ্রেফতার করেছিল।



