নেইমার হোম অফিস করা প্রথম ফুটবলার : ব্রাজিল প্রেসিডেন্ট

২০২৬ ফিফা বিশ্বকাপে ইতোমধ্যে নিজেদের দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। আর আজ হাইতির সাথে জিতেছে ৩-০ গোলে।

নয়া দিগন্ত অনলাইন
নেইমার ও ব্রাজিল প্রেসিডেন্ট
নেইমার ও ব্রাজিল প্রেসিডেন্ট |সংগৃহীত

চোটের কারণে চলমান ফিফা বিশ্বকাপে এখনো মাঠে নামা হয়নি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। আর সেই অনুপস্থিতি নিয়েই এবার মজার ছলে খোঁচা দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে লুলা সেখানে থাকা এক শিশুর সাথে ফুটবল নিয়ে কথা বলেন। তিনি শিশুটিকে প্রশ্ন করেন, ‘বর্তমানে ব্রাজিলের সেরা খেলোয়াড় কে?’ কোনো দ্বিধা না করেই শিশুটি উত্তর দেয়, ‘নেইমার।’

শিশুটির উত্তরের পর হাস্যরসের সুরে লুলা বলেন, ‘নেইমার তো খেলছেই না, বন্ধু। ও-ই সম্ভবত বিশ্বের প্রথম ফুটবলার, যে হোম অফিস থেকে জাতীয় দলে খেলে! একেবারে হোম অফিস প্লেয়ার।’

এতেই থেমে থাকেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, ‘গতকাল ইন্টারনেটে এটি দেখেছি। মনে হচ্ছে, খুব শিগগিরই এআই দিয়ে জাতীয় দল বানাতে হবে। সেখানে থাকবে ১১ জন পেলে!’

তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। তবে কথাটি মজার ছলে হলেও এতে আক্ষেপ লুকিয়ে আছে। ব্রাজিলের সেরা খেলোয়াড় হয়েও এখনো বিশ্বকাপে নামা হয়নি নেইমারের।

২০২৬ ফিফা বিশ্বকাপে ইতোমধ্যে নিজেদের দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। আর আজ হাইতির সাথে জিতেছে ৩-০ গোলে।

কিন্তু ফিটনেস সমস্যার কারণে এই দুই ম্যাচেই দলের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। থাকতে হয়েছে দর্শক হয়ে।