হালান্ডকে আটকানোর মতো রসদ রয়েছে কার্লো আনচেলত্তির

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে আর্লিং হালান্ড বড় হুমকি হলেও তাকে সামলানোর মতো অভিজ্ঞতা ও সক্ষমতা তার দলের রক্ষণভাগের রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কার্লো আনচেলত্তি ও আর্লিং হালান্ড
কার্লো আনচেলত্তি ও আর্লিং হালান্ড |সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ব্রাজিলকে টপকাতে হবে নরওয়ের বাধা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির প্রধান চিন্তা আর্লিং হালান্ড। গোলের সামনে বিপজ্জনক ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকারকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। তাকে আটকানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন আনচেলত্তি।

ব্রাজিল কোচ আত্মবিশ্বাসী। হালান্ডকে গুরুত্ব দিলেও বাড়তি সমীহ করতে তিনি নারাজ। আনচেলত্তির বিশ্বাস, হালান্ডকে আটকানোর মতো রসদ রয়েছে তার দলের ডিফেন্সে। তাছাড়া ব্রাজিলের ফুটবলারদের হালান্ডের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। হালান্ড দক্ষ স্ট্রাইকার হলেও অচেনা নন।

রাউন্ড অফ ১৬-র ম্যাচ নিয়ে পরিকল্পনা তৈরি করে দেয়া আনচেলত্তি বলেছেন, ‘হালান্ড কিভাবে খেলে সেটা সকলেই জানে। ওর বিরুদ্ধে কী করে খেলতে হবে, এটা আমার ডিফেন্ডারদের শেখাতে হবে না। ক্লাব ফুটবলে ওরা অনেক বার হালান্ডকে সামলেছে।’

ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস ভালোভাবে জানেন হালান্ডকে। নিউ ক্যালেস ইউনাইটেডের ফুটবলার বেশ কিছু ম্যাচ খেলেছেন নরওয়ের স্ট্রাইকারের বিরুদ্ধে। নরওয়ের মাঝমাঠের সাথে হালান্ডের যোগাযোগ ছিন্ন করার দায়িত্ব দেয়া হতে পারে তাকে।

নরওয়ে ম্যাচের প্রস্তুতি নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নেয়ার ব্যাপারেই মনোনিবেশ করছি। হালান্ডের দক্ষতা অবশ্যই বিবেচনায় রাখছি। নিঃসন্দেহে হালান্ড অত্যন্ত বিপজ্জনক ফরোয়ার্ড। আমাদের চেষ্টা করতে হবে, যাতে ও বল না পায়।’

অন্য দিকে, গিমারায়েস বলেছেন, ‘আমরা আক্রমণে উঠলেও হালান্ডের সাথে কাউকে থাকতে হবে। ছেড়ে রাখা যাবে না। কারণ এক বার বল পেলেই ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে হালান্ড। আমরা জানি, ওরা আমাদের বক্সে প্রচুর বল পাঠাবে। প্রতিটি ফ্রি-কিক বা কর্নার থেকে গোল করার মরিয়া চেষ্টা করবে হালান্ড।’

নরওয়ের আক্রমণ প্রতিহত করার জন্য পরিকল্পনা তৈরি করে ফেলেছেন আনচেলত্তি। সেই মতো দলকে অনুশীলন করাচ্ছেন। ব্রাজিলের কোচ আশা করছেন, সমস্যা হবে না। মেনে নিয়েছেন, কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে তার দলকে।

উল্লেখ্য, বিশ্বকাপে তিন ম্যাচে ৫ গোল করেছেন হালান্ড।

সূত্র : আনন্দবাজার পত্রিকা