বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং এখন পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে ইংল্যান্ডের প্রশিক্ষণ কেন্দ্রে সরঞ্জাম বহনকারী যানবাহনগুলোতে ভাঙচুর চালানোর পর এই চুরির ঘটনা ঘটে।
ঠিক কী কী সরঞ্জাম চুরি হয়েছে তা নির্ধারণের ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন কাজ করছে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে ফুটবল ও বুট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল ও তার দলের শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছানোর কথা ছিল এবং তাদের প্রশিক্ষণ সরঞ্জামগুলো আগেই পৌঁছে দিয়ে প্রস্তুত করার কথা ছিল।
শুক্রবার রাতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবং তদন্তের বিষয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ রাখছেন।
কানসাস সিটি পুলিশের এক মুখপাত্র বলেন, ‘কানসাস সিটিতে আসা একটি দলের যানবাহন থেকে সরঞ্জাম চুরির সম্ভাব্য ঘটনার তদন্ত করছি। আজ সন্ধ্যায় কিছু সামগ্রী নিখোঁজ হয়েছে। তদন্ত এখনো চলছে।’
প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ব্রিটিশ স্থানীয় সময় রাত ৯টায় (জিএমটি ২০:০০) ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। চুরির এই ঘটনা সেই ম্যাচের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।
ইংল্যান্ডের খেলোয়াড়দের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



